বাজিতপুর থানায় অভিযোগ দায়ের সাংবাদিকের
নিজেস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের উত্তর মিরাপুর এলাকায় মাকসুদুর রহমান নিয়ন নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমকাল পত্রিকার বাজিতপুর উপজেলা প্রতিনিধি খন্দকার মাহবুবুর রহমান বাদী হয়ে বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্বজনদের সূত্রে জানা গেছে, উত্তর মিরাপুর এলাকায় অবস্থিত লিয়ন টাওয়ারের মালিক মাকসুদুর রহমান নিয়ন। ভবনের নিচতলায় একটি হাসপাতাল ভাড়া দেওয়া রয়েছে এবং দ্বিতীয় তলায় ভাড়াটিয়ারা বসবাস করেন। নিয়ন নিজে তৃতীয় তলায় থাকেন।
গত ২৩ মে শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে ভবনের গেটের সামনে কয়েকজন ব্যক্তি গরু বেঁধে রাখেন। বিষয়টি তৃতীয় তলা থেকে দেখে নিয়ন গরু সরিয়ে নিতে বললে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা নিয়নকে নিচে নামতে বলে হুমকি দেয়। নিয়ন নিচে নামলে হিলচিয়া ইউনিয়নের পুড্ডা গ্রামের সাইফুল ইসলাম ও আব্দুল কাদেরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা। হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে বলে দাবি করেন। পরিবারের সদস্যরা জানান, হামলায় নিয়নের মুখে ২৪টি সেলাই দিতে হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম এবং মাথার পেছনে রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহত নিয়নকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহত মাকসুদুর রহমান নিয়ন বলেন,“পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে। চার থেকে পাঁচজন আমাকে এলোপাতাড়িভাবে মারধর করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ ঘটনায় আহত নিয়নের মামা খন্দকার মাহবুবুর রহমান বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী পরিবার এ ঘটনাটি দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এই ঘটনায় সাইফুল ও আব্দুল কাদেরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়ে উঠেনি।
এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।